স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এক ইজিবাইক চালককে মারধরের অভিযোগ উঠেছে বাস মালিকপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চালক চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মোঃ আব্দুল আজিজ (৪৮) আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।
লিখিত অভিযোগে তিনি জানান, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ইজিবাইকে করে এক অসুস্থ রোগীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে শহরের দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে স্থানীয় বাস মালিক গ্রুপের লোকজন তার গাড়ি থামিয়ে দেয়। স্থানীয় বিএনপি কর্মী ও বাস মালিক গ্রুপের সঙ্গে জড়িত সুরাপসহ আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং রোগীকে হাসপাতালে নিতে বাধা দেয়। রোগীর অবস্থা বিবেচনা করে অনুরোধ জানানো হলেও তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্তরা আব্দুল আজিজের নাক, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিতভাবে ইজিবাইক চালক ও যাত্রীদের হয়রানি করা হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই।
এ ঘটনায় তিনি চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর সদর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান একজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলে পাঠান। পরবর্তীতে অভিযুক্তরা থানায় এসে উল্টো পাল্টা আচরণ করে এবং পুলিশের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তবে শেষ পর্যন্ত কোনো বিচার বা আইনি ব্যবস্থা ছাড়াই সবাইকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীর।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গায় রোগী বহনকারী এক ইজিবাইক চালককে মারধর, থানায় অভিযোগ



