স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে চুয়াডাঙ্গায় জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক আবেজ উদ্দিন।
সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। বক্তারা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক ঐক্য বজায় রেখে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবু উদ্দিন আকবর বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের ঐক্য ও ত্যাগের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা সম্ভব। মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। এতে করে মুক্তিযুদ্ধের ইতিহাস চিরকাল দেশের প্রতিটি জায়গায় অম্লান হয়ে থাকবে। দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। এখনো আমাদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে একত্রিত হয়ে থাকতে হবে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন খান, আলমডাঙ্গা উপজেলা কমান্ডের আহবায়ক মতিউর রহমান, দামুড়হুদা উপজেলা কমান্ডের আহ্বায়ক হাফিজুল ইসলাম ও জীবননগর উপজেলা কমান্ডের আহ্বায়ক সাইদুর রহমান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, রহমত আলী, শামসুজ্জোহা, মোজাম্মেল হক, নুরুল ইসলাম, আলতাফ উদ্দিন, আব্দুল মান্নান, শফিউদ্দিন, আনিস উদ্দিন, আজিজুল হক, লুৎফর রহমান, রেজাউল করিম, ইসমাইল হোসেন, মজিবুর রহমান, বদর উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আব্দুল ওয়াহেদ, জুলফিকার আলী ও সুলতান আহমেদসহ সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দ।
চুয়াডাঙ্গায় জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা



