স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের টেংরামারি এলাকায় ট্রেনে কেটে আসিফ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে নীলমনিগঞ্জ রেলস্টেশনের অদূরে টেংরামারি রেলগেট সংলগ্ন রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসিফ চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মোমিনপুর ইউনিয়নের টেংরামারি জামে মসজিদ সংলগ্ন রেললাইনে আসিফের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপর রেলওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে লাশ রেলওয়ে পুলিশ চুয়াডাঙ্গা স্টেশনে নিয়ে আসে।
চুয়াডাঙ্গা জিআরপি পুলিশের ইনচার্জ এস আই জগদীশ জানান, আসিফ ঘটনার সময় রেললাইন পার হচ্ছিল, এ সময় ঢাকাগামী চিত্রা ট্রেনে কেটে সে মারা গেছে বলে আমরা ধারনা করছি। আসিফের হাত, পা, পিঠসহ একাধিকস্থান থেতলে গেছে। সে নেশা করতো বলে অনেকে জানিয়েছে। পরিবারের সদস্যদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়া আসিফের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে রেলওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
চুয়াডাঙ্গার মোমিনপুর রেলস্টেশনের অদুরে ট্রেনে কেটে আসিফ নামে এক যুবকের মৃত্যু



