মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে মরহুম কিয়ামদ্দিন আলীর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী আয়োজিত ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা ও বিতর্ক।
জানা গেছে, আনোয়ার হোসেন তার বাবার মৃত্যু বার্ষিকীতে করছেন এক ওয়াজ মাহফিলের আয়োজন। গতকাল সোমবার রাতে প্রথম দিনের ওয়াজ মাহফিল শেষ হয়েছে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ওয়াজ মাহফিল হওয়ার কথা রয়েছে।
স্থানীয় এলাকাবাসীর একাংশের দাবি, আনোয়ার হোসেন মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার শীর্ষ এজেন্টদের একজন হিসেবে পরিচিত। আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনলাইন জুয়া সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তও চলমান।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, মাহফিল আয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি লাগে। এ বিষয়ে আমার কিছু জানা নেই।
মেহেরপুর জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির জানান, মাহফিল আয়োজনের জন্য তাদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। তিনি ইতিবাচক মত দিয়েছেন। অনুমতি এখনো পেন্ডিং রয়েছে তবে কিছু শর্ত সাপেক্ষে তারা অনুমতি পাবে। এছাড়া নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গাংনীতে মৃত্যুবার্ষিকীতে ওয়াজ মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক



