স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় বকসিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায়-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিসংবাদিত প্রতীক। তাঁর সমগ্র জীবন কেটেছে দেশের মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় এখানে সমবেত হয়েছি, যা আমাদের রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি নৈতিক কর্তব্যও।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশনেত্রী খালেদা জিয়া কখনো আপস করেননি। বহু নির্যাতন, মামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি মাথানত করেননি। তাঁর এই ত্যাগ ও নেতৃত্ব আজও আমাদের প্রেরণা জোগায়। বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করেনি, বরং জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের রাজনীতি করে এসেছে।
শরীফুজ্জামান আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আজ জনগণের প্রধান দাবি। এই দাবি আদায়ে বিএনপি রাজপথে আছে, ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করব, ইনশাআল্লাহ। তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের শপথ নেওয়ার দিন- দেশ, দল ও মানুষের জন্য কাজ করার শপথ। শহীদ জিয়া যে আদর্শ রেখে গেছেন এবং দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে সেই আদর্শকে এগিয়ে নিয়েছেন, সেই পথ ধরেই আমাদের এগোতে হবে।
শেষে তিনি বলেন, আল্লাহ তায়ালা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এ দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার আলী, সাধারণ সম্পাদক সালাম সিরাজী, ইউনুস আলী, চিনির উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি হায়দার আলী।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আলমডাঙ্গার বকসিপুরে দোয়া মাহফিলে শরীফুজ্জামান



