আলমডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি ও গণভোট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. এহসানুল হাবিব, বখতিয়ার উদ্দীন, রবিউল ইসলাম, সেলিম রেজা ও বি. এম. রফিকুল ইসলাম।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান রেজার উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এটম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকবাল উদ্দীন আহম্মদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ।
সভায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং নিয়মিত দাপ্তরিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিয়মাবলি সম্পর্কে প্রধান শিক্ষকদের বিস্তারিতভাবে অবহিত করা হয় এবং গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত প্রধান শিক্ষকরা আলোচ্য বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাঁদের মতামত ও জিজ্ঞাসা তুলে ধরেন। সমন্বয় সভায় উপজেলার ১৩৯ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।