আলমডাঙ্গায় ইউএনও’র সঙ্গে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

আলমডাঙ্গা অফিস
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মতিউর রহমান স্বাধীন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও পান্না আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা অঞ্চলে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যারিয়ার গাইডলাইন সামিট, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কার্যক্রম এবং মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়।
ইউএনও পান্না আক্তার তরুণদের এ ধরনের নিঃস্বার্থ সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের মানবিক কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন- এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শাওন হোসেন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।