জীবননগর অফিস
জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি। গত রবিবার সন্ধ্যায় পৌরশহরের তেঁতুলিয়া গ্রামের পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের হালিমের ছেলে সাগর হোসেন এবং জীবননগর হাসপাতাল পাড়ার আজিজুল হকের ছেলে সুমন ইসলাম। গতকাল সোমবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার নাসির হোসেনের নেতৃত্বে রবিবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার ৬৯/৭-এস হতে আনুমানিক সাড়ে ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামের পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল ফোনসহ দুজনকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
জীবননগরে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক



