আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের হোগলাদাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে পরিবহনের দায়ে দুইজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃতে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোগলাদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট ব্যক্তি মালিকানাধীন একটি পুকুরে খননের আড়ালে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করে আসছিল। মাটি পরিবহনের সময় রাস্তায় মাটি পড়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে রাস্তার ওপর থেকে মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টর চালকদের সঙ্গে নিয়ে খননকৃত পুকুরপাড়ে গেলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ সময় ট্রাক্টর চালকদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা প্রাপ্তরা হলেন জামজামি গ্রামের মাছেম মণ্ডলের ছেলে মনি (২৮) ও একই গ্রামের জমির আলীর ছেলে আকাশ (২৫)।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ক্ষতি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


