প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা ডিবেট ক্লাব। রোববার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দুর্নীতি ও প্রশাসনের অপারগতা তুলে ধরে নানান বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের সদস্যরা।
মানববন্ধনে চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়: ১. নিয়োগ জালিয়াতি চক্রের সদস্যদের দ্রুত বিচার করা। ২. প্রশ্ন ফাঁসের নেপথ্যের মূল হোতাদের খুঁজে বের করে জনসমক্ষে আনা। ৩. নিয়োগ পরীক্ষায় নিশিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। ৪. দুর্নীতিমুক্ত ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। ৫. প্রশ্ন ফাঁস রোধে দীর্ঘমেয়াদী কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আসলাম হোসেন অর্ক বলেন, একটি দেশ কে ধ্বংস করতে হলে সে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়। তেমনি শিক্ষক যদি অনৈতিক ভাবে ঢুকে সে ধ্বংস করবে একটা জাতি। এদেশের সবচেয়ে দূর্নীতিগ্রস্থ শিক্ষাখাত, বদলি জনিত কারণে ঘুষ লেনদেন হয় প্রচুর। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গায় শিক্ষক নিয়োগে জালিয়াতির ঘটনা আমাদের লজ্জিত করেছে। যে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়েছে, সেই বাংলাদেশে কোনো জালিয়াতি বা প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের ঠাঁই হবে না। চুয়াডাঙ্গার মাটিতে মেধাবীদের অধিকার নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের অন্যতম সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রনি বিশ্বাস বলেন, নিয়োগ পরীক্ষা এখন মেধাবীদের কাছে এক আতঙ্কের নাম। জালিয়াতি আর প্রশ্ন ফাঁস আমাদের স্বপ্ন চুরির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ছাত্রসমাজ আরও কঠোর আন্দোলনে নামবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক মুখপাত্র তামান্না খাতুন বলেন, ২৪ পরবর্তী সময়ে এসেও যদি আমাদের এই নিয়োগের দুর্নীতি  নিয়ে কথা বলতে হয় তাহলে এইটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। চুয়াডাঙ্গাতে দুজন ডিভাইসধারী আটক হয়েছে। হয়তো আরো চোখের  আড়ালে রয়ে গেছে। মেধা নিয়ে খেললে বাংলাদেশ এক সময় মেধা শূন্য হয়ে যাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলার সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম নিরব বলেন, মেধা যেখানে অবহেলিত, সেখানে সমাজ এগোতে পারে না। দেশ জাতির উন্নয়নে মেধার ভূমিকাই মূখ্য সেখানে মেধা বঞ্চিত হলে দেশ জাতীর উন্নয়ন কখনোই হবেনা। এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিক্ষার্থী আনোয়ার হোসেন, ইমরান হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন, শাহারিয়ার রিমন মন্ডল, ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম মাসুম প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।