জীবননগর অফিস
জীবননগর উপজেলায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। রোববার সকাল ১০ টায় আন্দুলবাড়িয়া গ্রামে তার নিজ বাসভবন সংলগ্ন কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে বাবু খান বলেন, আপনাদের কাছ থেকে অনেক মতামত ও পরামর্শ পেলাম যেটা আমাদের আগামী দিনের দেশ গড়ার জন্য অনেক কাজে লাগবে। আপনারা জানেন আমাদের চুয়াডাঙ্গার মানুষের জীবন ও জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সকলের প্রানের দাবী। কৃষিকে এগিয়ে নিতে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা আগেই জানিয়েছি। জীবননগরে চ্যাংখালী স্থলবন্দর চালুর বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে শুনেছি। কিন্তু দুটি দেশের মধ্যে স্থলবন্দর চালু করতে হলে উভয় দেশের সম্মতি বা আগ্রহের প্রয়োজন আছে। এই এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতি করতে হবে। যেনো তেনো ভাবে একটা সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা নেওয়া যাবে না। শিক্ষা ব্যবস্থা উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা পালন করতে হবে।
বিজিএমইএ এর সভাপতি বাবু খান আরও বলেন, আপনারা যদি নিঃশঙ্কচিত্তে ও নির্ভয়ে দায়িত্ব পালন করতে না পারেন তাহলে সমাজে ও দেশে কি ঘটছে তা জনগণ বুঝতে পারবে না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের একজন প্রার্থী হিসেবে আমি বলবো, আপনারা সংবাদ প্রকাশের মাধ্যমে এই এলাকার মানুষ ও প্রবাসীদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আমরা যেনো আপনাদেরকে সাথে নিয়ে একটা সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
জীবননগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু



