সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিঙ্গেদহ পাওয়ার হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই ওহিদুল ইসলাম ও এএসআই সদরুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের পাওয়ার হাউজ পাড়ায় জবেদ আলীর বাড়ির সামনে পাকা রাস্তায় মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে মোট ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহেদ আলী (৩৭), জিনারুল (২০) ও তরিকুল (২৫)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, জেলার মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ তিনজন আটক



