আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভোটকেন্দ্র পরিচালকদের প্রস্তুতি সভা

আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। জনগণের আমানত রক্ষায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত সম্পাদক, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল এবং নায়েবে আমির ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আরও বলেন, নির্বাচনী পরিস্থিতি যাই হোক না কেন, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে জনগণের রায় নিশ্চিত করতে চাই।
সভায় উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পোলিং এজেন্টদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।