চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত ৩

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে হিজলগাড়ী টু ছোটসুলয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিমুল মিয়া (২৫) তিতুদহ ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের আকুবার মিয়ার বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল ৫টার দিকে শিমুল মোটরসাইকেল যোগে হিজলগাড়ী বাজার থেকে ছোটশলুয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি সামনে থাকা একটি মোটরসাইকেল ও পাখিভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষে শিমুলসহ মোট চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পথিমধ্যে শিমুল মারা যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তারা জানান, হিজলগাড়ী-ছোটশলুয়া সড়কটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ। রাস্তাটিতে স্পিডব্রেকার, ট্রাফিক সাইনবোর্ড বা গতিনিয়ন্ত্রণের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। গতকাল রাত ১০টার দিকে নিহত শিমুলে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। আজ শনিবার সকাল ১০টায় নিহতের নামাজে জানাজা শেষে দাফন করা হবে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।