ব্যবসাবান্ধব পরিবেশ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে জীবননগরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে রুহুল আমীনের মতবিনিময় সভা

জীবননগর অফিস
জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের উদ্যোগে জীবননগরে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর উপজেলায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা আমীর মো. রুহুল আমীন।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদ্দুল্লাহ, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, থানা জামায়াতের নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন এবং জেলা হোমিওপ্যাথি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমীন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, পেশাজীবী ও ব্যবসায়ী সমাজের সমন্বিত প্রচেষ্টাই পারে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন এবং তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।