স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় ও সদর উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে সদর উপজেলার ৪৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মোট ১৯টি বিষয়ে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গান, নৃত্য, কবিতা আবৃত্তি, গজল, নাটকসহ বেশকিছু বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আয়েশা আক্তার রিক্তা, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীতশিল্পী মাসুদ রানা লিটন, সঙ্গীত শিক্ষক আব্দুস সালাম তারা, আলমডাঙ্গা আলিম মাদ্রাসার প্রভাষক আরিফুল ইসলাম হাওলাদার, রাশেদাল ইসলাম, মাওলানা ইকবার হোসেন প্রমুখ। সব ইভেন্টে ১ম স্থান অধিকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নিবে।
চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত



