মেহেরপুর অফিস
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক হুমায়ুন (৩৫), মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বাদশার ছেলে। আহতরা হলেন সাজু (২৫), পিতা মৃত সদর আলী এবং মো. সাজিদুল (৩০), পিতা ফিরোজ আলী। তারা সবাই মহাজনপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত কলাকাটা শ্রমিক সাজু জানান, ৩ টনের একটি পিকআপ নিয়ে কলা বোঝাই করে শ্রমিকদের নামানোর উদ্দেশ্যে মহাজনপুরের দিকে রওনা দেন তারা। পথে কোমরপুর গ্রাম অতিক্রম করে হাজী মশিউরের ইটভাটার সামনে পৌঁছুলে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কলা বোঝাই পিকআপটি রাস্তার উপরেই উল্টে যায়। এ সময় পিকআপের ওপর থাকা ৫-৬ জন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
মুজিবনগরে কলা বোঝাই পিকআপ উল্টে এক শ্রমিক নিহত, আহত-২



