আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ডামোশ গ্রামের ৪নং ওয়ার্ড অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হুসাইন। এসময় তিনি বলেন, জনগণের দ্বারে দ্বারে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। আদর্শ সমাজ গঠনে সংগঠনের সব কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা শহিদুল হক, সেক্রেটারি মাওলানা শওকত আলী, সহ-সেক্রেটারি আব্দুল জব্বার, যুব বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, মাওলানা আহসান হাবীবসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উক্ত সাংগঠনিক বৈঠকে বেলগাছি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বেলগাছি ইউনিয়ন জামায়াতের মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত



