আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড ও হলুদ পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মেসার্স হক এন্টারপ্রাইজ ও হলুদ পট্টির দিহান-সোহান স্টোরসহ আলমডাঙ্গা শহরের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়, মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং পণ্যের সঠিক তথ্য সংরক্ষণ না রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ অভিযানে মেসার্স হক এন্টারপ্রাইজের ম্যানেজার মিজানুর রহমানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে দিহান সোহান স্টোরের মালিক আরিফুল ইসলামকে সতর্কতামূলকভাবে ১০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং সরকার নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করেন।
অভিযানকালে উপজেলা ভূমি অফিসের নাজির সাজেদুর রহমান এবং আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।