আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চর যাদুবপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় নাজমুল ইসলাম (৩২) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে যাদুবপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। জানা যায় নাজমুল ইসলাম নিজ গ্রাম কেশবপুর থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চর যাদুবপুর ব্রিজের কাছে হঠাৎ একটি বিড়াল রাস্তার সামনে চলে আসে। প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আইনাল হকের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করা শেষে কিছুদিন আগে তিনি দেশে আসে। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পারিবারিক সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই বাদ আছর কেশবপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।



