কুতুবপুর প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজমা গ্রামে সাধক হোসেন মেম্বার সাইজির নিজ বাড়িতে ঐতিহ্যবাহী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও জানুয়ারি মাসের ৩ তারিখে এ সাধুসঙ্গের আয়োজন করা হয়। হোসেন সাইজির পিতা-মাতার দোয়া উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্ত-অনুরাগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সাধুসঙ্গে ‘সত্য বল, সুপথে চল—ওরে আমার মন’ শীর্ষক কালামের মাধ্যমে মানবকল্যাণ ও আত্মশুদ্ধির বাণী তুলে ধরা হয়। সাধকগণ বলেন, সরাসরি স্রষ্টাকে ভজন নয়—স্রষ্টার সৃষ্টির সেবার মাধ্যমেই স্রষ্টাকে পাওয়া সম্ভব। এ বাণী বছরের পর বছর ধরে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিয়ে আসছেন সাধকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাম্মদজমা ছাদেমান নেছা বিদ্যালয়ের শিক্ষক ও সাধক বদরউদ্দিন মাস্টার। সাধুসঙ্গে বাল্যসেবা, রাখালসেবা, পূর্ণসেবা এবং ভাবসঙ্গীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, থানা যুবদলের সদস্য আমির মেম্বার এবং ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফকির হাফিজ মাস্টার।
এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত আশেকান-জাকেরানসহ সর্বস্তরের মানুষ এ সাধুসঙ্গে অংশগ্রহণ করেন।
মহাম্মদজমা গ্রামে ঐতিহ্যবাহী সাধুসঙ্গ অনুষ্ঠিত



