স্টাফ রিপোর্টার
জীবননগর নর্বদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ৫৮-বিজিবির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, জীবননগর উপজেলার নর্বদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ৫৮-বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম পিএসসি। সভায় লেঃ কর্নেল মোঃ রফিকুল জনসাধারনকে বলেন, বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট ভারতে এসআইআর (ঝওজ) এর নামে উচ্ছেদ অভিযান চলছে। এ প্রেক্ষিতে, বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ-ইন করার সমুহ সম্ভাবনা রয়েছে। সীমান্ত দিয়ে বিএসএফ যাতে পুশ-ইন না করতে পারে সে বিষয়ে তিনি আনসার-ভিডিপি সহ স্থানীয় সকলের সতর্কতা এবং সহযোগিতার আহবান জানান। পুশ-ইন সম্পর্কে সজাগ থাকা, বিএসএফ এর গেইট পাহাড়া দেয়া, সীমান্তের ওপারের আত্মীয়-স্বজনের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিজিবি’কে জানানো এবং পুশ-ইন মোকাবেলায় সকলকে বিজিবি’র সাথে থাকার জন্য তিনি উদাত্ত আহবান জানান।
এছাড়া তিনি আরো বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করা অর্থাৎ শুন্য লাইন অতিক্রম না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে গমন কিংবা অবস্থান না করা, সকল প্রকার চোরাকারবারীদের সামাজিকভাবে প্রতিহত করা আহবান জানান। এদিকে মাদক’কে না বলা, চোরাকারবারী কিংবা মানব পাচারকারীদের সম্পর্কে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আরো সচেতন হওয়া, শুন্য লাইন বরাবর গবাদি পশু না চড়ানো কথা বলেন। পরে তিনি সীমান্ত অপরাধ রোধে সকলে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।



